গুদামের অবিক্রিত পণ্য দান করবে অ্যামাজন

১৫ আগষ্ট, ২০১৯ ১৬:৫৩  
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে অ্যামাজনের গুদামে জমে থাকা অবিক্রিত বা উচ্ছিষ্ট পণ্য অধিকতর ব্যবহার উপযোগী করে দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে দান করে দেবে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। আর এজন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে চালু করতে যাচ্ছে ‘ফুলফুলমিন্ট বাই অ্যামাজন ডোনেশনস’ (এফবিএ) প্রকল্প। এই প্রকল্পের অধীনে কোনো বিক্রেতা যখনই তাদের অবিক্রিত পণ্য নষ্ট করার সিদ্ধান্ত নেবেন তখনই তাদের এসব পণ্য দানের তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। বিক্রেতা চাইলে এই প্রকল্প থেকে বেরও হয়ে আসতে পারবেন। বুধবার বিকেলে এক ব্লগপোস্টে এই ঘোষণা দেয়া হয়ছে। এতে বলা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে গুদামে খালি জায়গাও বাড়বে। ফলে উচ্ছিষ্ট পণ্যগুলো কাজ আসবে। সংবাদ মাধ্যম সিএনবিসি’র খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের গুড৩৬০ এবং যুক্তরাজ্যের নিউলাইফ এবং বার্নার্ডোর মতো অলাভজনক সংস্থাগুলোর মাধ্যমে অবিক্রিত এসব পণ্য দান করা হবে। এর আগে তৃতীয় পক্ষের বিক্রেতাদের মাধ্যমে অবিক্রিত বা বিক্রয়ের অযোগ্য পণ্যগুলো ব্যবহার উপযোগী করা হবে। এতে তৃতীয় পক্ষের বিক্রেতাদের থরচও কমবে। কেননা বিক্রি হয়নি এমন পণ্য ফেরত বিক্রেতা ফেরত নিতে চাইলে অ্যামাজনকে দিতে হয় ৫০ সেন্ট। আর এই পণ্য ধ্বংস করতে দিতে হয় ১৫ সেন্ট। সাম্প্রতি ফরাসি টিভি’র খবরে জানানো হয়েছে, গত বছর শুধু ফ্রান্সেই ৩০ লাখ পণ্য বিনষ্ট করেছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবিক্রিত পণ্যের পরিমাণ অন্যান্য দেশের চেয়ে আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।